বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খানের কন্যা সুহানা খান। ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও, ব্যক্তিগত কারণে বছর জুড়েই খবরের শিরোনামে থাকেন তিনি।
গত কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা-র সঙ্গে প্রেম করছেন সুহানা। ফের একসঙ্গে তাদের দেখা মিলেছে, এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, হল রুমে আলো-আঁধারির খেলা, ব্যাকগ্রাউন্ডে বাজছে ঐশ্বরিয়ার ‘কাজরা রে’ গান। উপস্থিত অনেক অতিথি গানের সঙ্গে নাচছেন, আর সুহানা-অগস্ত্যকেও নাচতে দেখা গেছে। মজার বিষয়, অগস্ত্যর মা শ্বেতা বচ্চনও সুহানা-অগস্ত্যর পাশে নাচতে দেখা যায়।
এই দীপাবলির পার্টি আয়োজন করেছিলেন কস্টিউম ডিজাইনার মনীশ মালহোত্রা। উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার সাক্ষী সিন্ধওয়ানি। ভিডিওতে সুহানা নীল রঙের শাড়িতে, হাতে পানীয়র গ্লাস নিয়ে নাচছেন অগস্ত্যের সঙ্গে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে।
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেটে সুহানা-অগস্ত্যের সম্পর্কের সূচনা হয়। এক সূত্র জানায়—“শুটিং সেটে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তারা। নিজেদের ঘনিষ্ঠতা কখনো আড়াল করেননি। তবে জনসমক্ষে সম্পর্ক প্রকাশ করতে এখনও দু’জনই চান না। ২০২৩ সালের আগস্টে ‘দ্য আর্চিস’ টিম এই বিষয়টি জানতে পারে।”
সুহানা মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে যান। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি-তে, যেখানে ফিল্ম স্টাডিজে পড়াশোনা শেষ করেন। বাবার পথ ধরে রুপালি জগতে ক্যারিয়ার গড়তে চান সুহানা।