বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি তার প্রেমিক হিসেবে নাম জড়িয়েছে অভিনয় প্রশিক্ষক রচিত সিং-এর সঙ্গে। গত মাসে খবর আসে, তারা দীর্ঘদিনের সম্পর্ককে পরিণত করেছেন বাগদানে।
তবে এই গুঞ্জনের বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি হুমা। অবশেষে বম্বে টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন,
“আমি কেন এই গুঞ্জন নিয়ে কথা বলব?”
হুমা আরও বলেন,
“এ বিষয়ে আমি কী বলব? মানুষ অনেক কিছু মনে করে নেয়। আমি যখন প্রস্তুত, তখন নিজের মুখেই ঘোষণা করব। কিন্তু আগে থেকেই সবাই ধরে নেয়। যখন সত্যিই হবে, তখন সবাই জানবে। আমি কেন গুঞ্জনের সমাপ্তি টানব? আমি তো এটা ছড়াইনি।”
বাগদানের গুঞ্জনে বিরক্ত কি না জানতে চাইলে হুমা বলেন,
“একদমই না। আমি এ নিয়ে ভাবিই না। আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, খুশি, আর জানি আমার জীবনে কী ঘটছে। দর্শকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা শুধু আমার কাজ পর্যন্তই সীমাবদ্ধ। আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার।”
মানুষের আগ্রহের বিষয়টিও তিনি বোঝেন, বললেন,
“আমি পরিচিত একজন মানুষ। তাই মানুষের আগ্রহ স্বাভাবিক। এটি আন্তরিক ও মিষ্টি বিষয়। যেদিন আগ্রহ হারাবে, সেদিন হয়তো কষ্ট হবে। এটি সেই ‘শয়তানের সঙ্গে করা চুক্তি’—আমার কাজের জন্য যে ভালোবাসা পাই, তারই মূল্য।”
এর আগে হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, হুমা তার দীর্ঘদিনের প্রেমিক রচিত সিং-এর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। গুঞ্জনের সূত্রপাত হয় তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিং-এর একটি ছবি শেয়ার করার মাধ্যমে। ছবির ক্যাপশনে লেখা ছিল,
“এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এরপর তাদের একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, যেখানে দুজনই পরেছিলেন গোলাপী পোশাক। সাম্প্রতিক সময়ে রচিতের ঘনিষ্ঠজনের জন্মদিন উদযাপনের সময়ও তাদের একসঙ্গে দেখা যায়, যা গুঞ্জন আরও বাড়িয়েছে।
রচিত সিং একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। তাঁর প্রতিষ্ঠিত ‘রচিত সিং ওয়ার্কশপ’-এ ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন। এতে অংশ নিয়েছেন গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, রণবীর সিং, বরুণ ধাওয়ান, আনুশকা শর্মা, ভিকি কৌশলসহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী।
এর আগে হুমা তিন বছরের জন্য পরিচালক-প্রযোজক মুদাসসার আজিজ-এর সঙ্গে প্রেমে ছিলেন। ২০২২ সালের শেষের দিকে তাদের সম্পর্ক ভেঙে যায়।