নব্বই দশকের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। আজ রবিবার দুপুরে তার ফেসবুক পেজে তিনি একটি রহস্যময় ও তীক্ষ্ণ পোস্ট শেয়ার করেছেন।

পোস্টে পূর্ণিমা লিখেছেন,
“যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

তিনি স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন। তবে তার শব্দচয়ন ও তীক্ষ্ণ অভিব্যক্তি ইঙ্গিত দেয় যে এটি হয়তো সম্পর্কের আঘাত বা বিশ্বাসঘাতকতার প্রতিফলন।

একই পোস্টে পূর্ণিমা আরও লিখেছেন,
“যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

শেষে তিনি দিয়েছেন একটি গভীর আত্মিক বার্তা,
“মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

পূর্ণিমার এই খোলামেলা ও দার্শনিক পোস্টে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সহমত জানিয়ে লিখেছেন,
“পূর্ণিমা আপু একদম সত্য বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” আবার কেউ মন্তব্য করেছেন,
“এ যেন আমাদের সবার জীবনের গল্প।”

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত হলেও, পূর্ণিমা এখনো দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। মাঝে মাঝে এমন খোলা মনের লেখার মধ্য দিয়েই তিনি জানান দেন— চুপ থাকলেও তিনি ভেতরে এখনো একই রকম প্রাণবন্ত, সংবেদনশীল, আর সত্যবাদী।

 

Walton Ads