ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী গত মাসেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়—দেশ ছেড়ে নাকি পালিয়েছেন তিনি! এসব গুঞ্জন নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বাপ্পী স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, "আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।"

কেন গেলেন যুক্তরাষ্ট্রে?
এই অভিনেতা জানান, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই তার। তিনি বলেন, "বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।"

এদিকে 'কাজ না থাকায় দেশ ছেড়েছেন'—এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢালিউড তারকা বাপ্পী। তিনি বলেন, "অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।"

গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এই অভিনেতা। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আসল কারণ জানিয়ে তিনি বলেন, "ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।"

বাপ্পী চৌধুরীর ক্যারিয়ার
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'ভালোবাসার রঙ' সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে তিনি দর্শকদের 'জটিল প্রেম', 'অন্যরকম ভালোবাসা', 'সুইটহার্ট', 'এপার ওপার' ও 'সুলতানা বিবিয়ানা'র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

 

Walton Ads