বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন তাঁকে টার্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম।

দীর্ঘ ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বর্তমানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিত চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিন তাঁকে হাসপাতালে থেরাপি সেশনে যেতে হয়।

বৃহস্পতিবার ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে পূর্ব লন্ডনে তাঁর দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্যরা।

লন্ডনে অবস্থানরত সহ-অভিনেত্রী সোনিয়া নিয়মিত ইলিয়াস কাঞ্চনের খোঁজখবর রাখছেন। তিনি বলেন, “চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, “আব্বুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে আরও চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন না, তবে প্রয়োজনে ছোট ছোট শব্দে সাড়া দেন। সার্জারির পর থেকে তাঁর কথা বলা কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধৈর্য ধরে চিকিৎসা নিতে হচ্ছে।”

চলচ্চিত্রকার ইলিয়াস কাঞ্চনকে ২৬ এপ্রিল অসুস্থ অবস্থায় লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে নিউরোসার্জনের তত্ত্বাবধানে তিন মাস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

চিকিৎসকরা অপারেশনের আগে জানিয়েছিলেন, টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব নয়। এতে জীবনহানির ঝুঁকি ছাড়াও প্যারালাইসিস ও কথা বলার ক্ষমতা হারানোর আশঙ্কা ছিল। ফলে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী টিউমারের একটি অংশ অপসারণ করা হয় এবং বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়।

চিকিৎসকদের মতে, মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর আরও চার সপ্তাহ তাঁকে অবজারভেশনে রাখা হবে।

 

Walton Ads