ওস্কারজয়ী হলিউড অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি দুবাইয়ে নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করতে চান। ইতিমধ্যে এই বিষয়ে প্রাথমিক আলোচনাও করেছেন বলিউড তারকাদের সঙ্গে।

স্মিথ বলেন, “বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে কাজ করছেন, কিন্তু পশ্চিমা অভিনেতাদের বলিউডে তেমন সুযোগ পাওয়া যায় না। আমি চাই এই প্রবণতা পরিবর্তন করতে।” তিনি আরও জানান, অভিনয়ের বিষয়ে সালমান খানের সঙ্গে ইতোমধ্যেই কিছু আলোচনা করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্টের কথাও ছিল, তবে তা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। এবার তিনি শাহরুখ খানের কোনো প্রজেক্টে সুযোগের অপেক্ষায় আছেন এবং সরাসরি তাকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “কী খবর?”
গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডে কাজ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। এবার উল্টো পথে হেঁটে হলিউডের সুপারস্টারকে বলিউডে অভিষেকের সম্ভাবনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে উইল স্মিথ সাম্প্রতিক সময়ে কিছুটা প্রতিকূল সময় পার করছেন। গত বছরের শুরুতে এক পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্থার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তার বলিউডে আগ্রহ প্রকাশ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

Walton Ads