বলিউডের সবচেয়ে আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি 'ডন'। এই সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে শুরু থেকেই চলছে নানা রকম গুঞ্জন আর উত্তেজনা। পরিচালক ফারহান আখতার 'ডন ৩' নিশ্চিত করেছেন, কিন্তু শুরু থেকেই বড় একটা চমক দিয়ে রণবীর সিংকে মুখ্য ভূমিকায় ঘোষণা করা হয়। আর এই ঘোষণা ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি করে। কারণ, দর্শকেরা এই কাল্ট চরিত্রে একমাত্র শাহরুখ খানকেই দেখতে চান। তবে এখন নতুন খবর হচ্ছে, 'ডন ৩'-এ ফিরতে পারেন কিং খানই। তবে শর্তসাপেক্ষে!

গত মাস থেকেই চলছিলো রণবীর সিং হয়তো ছবিটি ছেড়ে দেবেন এমন খবর। এর মধ্যেই হুট করেই শাহরুখ খানের ফিরে আসার সম্ভাবনার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই খবর ভক্তদের মধ্যে নতুন করে তোলপাড় ফেলে দিয়েছে। অনেকেরই বিশ্বাস, 'ডন' মানেই শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শাহরুখ খান সিনেমায় কাজ করতে আগ্রহী, কিন্তু একটি শর্ত রেখেছেন। তার শর্ত হলো, 'জওয়ান' ছবির খ্যাতনামা পরিচালক অ্যাটলি কুমার যদি 'ডন ৩'-এর দায়িত্বে থাকেন, তবেই তিনি এই ছবিতে ফিরতে রাজি। তবে নির্মাতা বা পরিচালক ফারহান আখতারের পক্ষ থেকে এখনো এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে ছবির নারী প্রধান চরিত্র নিয়েও আছে অনিশ্চয়তা। প্রথমে কিয়ারা আদভানির নাম থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এখন সেটিতে অভিনয় করতে পারেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আর খলনায়কের ভূমিকা কে নেবেন, সেটিও এখনো রহস্যেই ঢাকা।

সব মিলিয়ে, 'ডন ৩' নিয়ে যত আলোচনা, তার পুরোটাই এখন ঘুরপাক খাচ্ছে শাহরুখ খানকে ঘিরে। শেষ পর্যন্ত দর্শকেরা তাদের প্রিয় 'ডন' চরিত্রে শাহরুখ খানকে ফিরতে দেখবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

 

Walton Ads