নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গল্প এবার বাংলাদেশের বড়পর্দায় আসছে! খুলনার পিঠাভোগ গ্রামে কবির পূর্বপুরুষের বাস ছিল, পদ্মার চরে বসে তিনি লিখেছিলেন ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালি’ আর ‘গল্পগুচ্ছ’। এবার সেই গল্পগুচ্ছের বিখ্যাত গল্প ‘শাস্তি’কে নিয়ে রুপোলি পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি!

শনিবার রাতে কলকাতা থেকে প্রচারিত আনন্দবাজার ডট কম-এর বিনোদন বিভাগের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, কানাডা প্রবাসী পরিচালক লীসা গাজী এই গল্পকে সেলুলয়েডে তুলে ধরতে চলেছেন। আর এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি!

আনন্দবাজার কথা বলেছে দুই তারকার সঙ্গেই। চঞ্চল চৌধুরী এক বার্তায় জানিয়েছেন, এটাই প্রথমবার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্পে অভিনয় করছেন। পরীমনির সঙ্গেও এটাই তার প্রথম কাজ। কোন চরিত্রে দেখা যাবে তাকে? চঞ্চল বলেছেন, “সোমবার ঘোষণা হবে। পরিচালক সবিস্তার বলবেন। তবে শুটিংয়ে এখনো দেরি আছে। প্রস্তুতি অবশ্যই কিছুদিন আগে থেকে নেব।”

মালয়েশিয়া থেকে পরীমনির বিশ্বস্ত তুরান মুন্সী জানিয়েছেন, গত তিন মাস ধরে এই ছবির কথা চলছে। প্রায় প্রতিদিন পরীমনির কাছে কোনো না কোনো ছবির প্রস্তাব আসে। চিত্রনাট্য পছন্দ না হলে রাজি হন না তিনি। ‘শাস্তি’ গল্প পড়ে খুব ভালো লেগেছে পরীমনির। তাই তিনি রাজি হয়েছেন। সোমবারই ছবির চুক্তিপত্রে সই করবেন পরীমনি। চলতি বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।

‘শাস্তি’ গল্পে দুই ভাই দুখিরাম ও ছিদাম। রাগের মাথায় দুখিরাম খুন করে তার স্ত্রীকে। দাদাকে বাঁচাতে ছিদাম খুনের দায় চাপিয়ে দেয় তার স্ত্রী চন্দরার কাঁধে। খুনের অভিযোগে জেলবন্দি হয় চন্দরা। নিজের ভুল বুঝতে পেরে আদালতে দায় স্বীকার করে দুখিরাম। অভিমানী চন্দরার মুখে কুলুপ। এই গল্পকেই আধুনিক সময়ের উপযোগী করে নেওয়া হবে। অনুমান করা হচ্ছে, ‘চন্দরা’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে।

তুরান আরও বলেছেন, “চঞ্চল ভাইয়াকে অনেক বছর ধরে চিনি। তার সঙ্গে ‘লাইন ম্যানেজার’ হিসেবে আমার প্রথম কাজ ‘মনপুরা’ ছবিতে। মোট পাঁচটা ছবিতে তার সঙ্গে কাজ করেছি। তিনটি ছবি গিয়াসউদ্দিন সেলিম ভাইয়া পরিচালনা করেছেন। দুই বাংলার অভিনেতাদের মধ্যে চঞ্চল ভাইয়ের মতো অমায়িক মানুষ খুব কম দেখেছি।” সবাই আশাবাদী, বড়পর্দায় এই জুটির অভিনয় সকলের প্রশংসা কুড়োবে। শুটিংয়ের আগে পরিচালক বেশ কিছুদিন মহড়া দেবেন অভিনেতাদের।
এ বছর মুক্তি পাবে পরীমনি অভিনীত ‘প্রীতিলতা’। এই ছবিতে স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে দেখা যাবে তাকে।

 

news