ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল শুধু সিনেমার মানুষ নন, তিনি একজন পোক্ত ব্যবসায়ীও। নিজের গার্মেন্টস ব্যবসা রয়েছে তাঁর। কিন্তু এই ব্যবসাতেই এখন বড় ধরনের প্রতিকূলতা এসে পড়ায়, এক বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন তিনি। জানালেন, আপাতত পুরোপুরি চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়াবেন তিনি।
এক সময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল কারখানা চালাতেন অনন্ত। কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪ হাজারে। এই সংকটই তাঁকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানান অনন্ত জলিল নিজেই।
সম্প্রতি সাংবাদিকদের সামনে এই অভিনেতা স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে তাঁর পুরো মনোযোগ এখন ব্যবসাকে টিকিয়ে রাখা ও সেখানেই দেওয়া প্রয়োজন। ব্যবসার হাল না ফেরা পর্যন্ত তিনি রূপালি পর্দায় ফিরবেন না বলেই জানালেন। এমনকি, বর্তমানে হাতে থাকা অথবা পেন্ডিং কাজগুলোও শেষ করতে পারছেন না তিনি।
তাঁর নিজের ভাষায়, "সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।"
নিজের কাজের ধরন সম্পর্কে আরও ব্যাখ্যা করে তিনি বলেন, "যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না; এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।"
২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই প্রায় প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষাকে সাথেই পর্দায় হাজির হয়েছেন অনন্ত। অভিনয় জীবনের এই বিরতিতেও বর্ষা রয়েছেন তাঁর পাশে। এ প্রসঙ্গে তিনি বলেন, "যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, আমরা শখের বশেই কাজ করি।"
বর্তমানে অনন্ত জলিলের 'নেত্রী দ্য লিডার' ও 'অপারেশন জ্যাকপট' সিনেমা দুটির কাজ আটকে আছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার 'চিতা' সিনেমায় অভিনয়ের কথা থাকলেও তার শুটিং এখনও শুরু হয়নি।