অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা শিল্পমানসম্মত কাজের মাধ্যমে সমসাময়িক অভিনয়শিল্পীদের ভিড়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তাঁর বিশ্বাস, একজন শিল্পীর দায়বদ্ধতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। অর্ষার কথায়, ‘শিল্পী ট্যাগ থাকলে দায়বদ্ধতা দু–তিন গুণ বেড়ে যায়। আমি কী করছি, সেটার একটা ছাপ রেখে যেতে চাই। কারণ, দর্শক অভিনীত চরিত্র দিয়েও প্রভাবিত হয়।’
বর্তমান সময়ে তরুণদের টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আগ্রহ বাড়ার বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী। সম্প্রতি ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিংবাড়িতে এহসান এলাহি বাপ্পী পরিচালিত ধারাবাহিক নাটক ‘মিডলক্লাস ফ্যামিলি’–এর শুটিং সেটে বসেই এসব কথা বলেন অর্ষা।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্ষা বলেন, দেশের বাস্তবতায় তরুণদের টিকটকের দিকে ঝুঁকে পড়া খুবই স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘যে দেশে মাস্টার্স পরীক্ষা শেষ করেও চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেখানে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে—এটাই স্বাভাবিক। আমি যদি শুধু অন্যকে নকল করেও ডলার আয় করতে পারি, তাহলে কেন করব না?’
অর্ষার মতে, দীর্ঘদিন ধরেই দেশে নতুন কোনো বড় আবিষ্কার বা উল্লেখযোগ্য সৃজনশীল চর্চার ঘাটতি রয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নতুন কোনো বড় আবিষ্কারের কথা শুনছি না। হুমায়ূন আহমেদ–পরবর্তী সময়ে কি আমরা অসাধারণ কোনো লেখক পেয়েছি? দীর্ঘ সময় ধরে ভালো কোনো পেইন্টার পেয়েছি? আমাদের সমাজে অনেক কিছু ট্যাবু করে রাখা হয়েছে। ফলে শিশুদের বিকাশের সুযোগ তৈরি হচ্ছে না।’
অর্ষা আরও জানান, তাঁর আশপাশে ছোট ছোট শিশুদের তিনি দেখেন সারাক্ষণ মোবাইল ফোন, ভিডিও গেমস আর টিকটকে ডুবে থাকতে। পড়াশোনা, বই পড়া কিংবা নতুন সিনেমা–নাটকের প্রতি তাদের আগ্রহ তুলনামূলকভাবে কম। অথচ টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নকল করেও আয় করা যাচ্ছে—এই বাস্তবতাই তাদের বেশি আকৃষ্ট করছে।
টিকটক করাকে নেতিবাচক চোখে দেখতেও রাজি নন এই অভিনেত্রী। বরং যারা এই প্ল্যাটফর্ম থেকে আয় করছে, তাদের তিনি বেশ স্মার্ট বলেই মনে করেন। অর্ষার কথায়, ‘প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখি—মাস্টার্স বা ডিগ্রি পাস করা একজন তরুণ বিশ্ববিদ্যালয়ে ঘুরে চা কিংবা ফুসকা বিক্রি করছে। এসব দেখে খারাপ লাগে। চা বা ফুসকা বিক্রি খারাপ কিছু নয়, কিন্তু মাস্টার্স পর্যন্ত পড়তে পড়তেই তো একজন তরুণের ২৫ বছর চলে যায়। এরপর কয়েক বছর ঘুরেও যদি চাকরি না মেলে, তাহলে পরিবার আর নিজের দীর্ঘ বিনিয়োগের ফল কী দাঁড়ায়?’
তিনি আরও বলেন, ‘অল্প বয়স থেকেই টিকটক করে আয় করা তরুণেরা নিজেদের জীবনকে আর্থিকভাবে নিরাপদ করছে। তারা দেশ–বিদেশে ঘুরছে, নিজের আয়ে জীবন গুছিয়ে নিচ্ছে। অথচ শিক্ষিত একজন তরুণ যদি শেষ পর্যন্ত বেকার থেকে যায়, সেটা ভবিষ্যতে আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।’
প্রসঙ্গত, পাঁচ বছর আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন নাজিয়া হক অর্ষা। এখনো দর্শকেরা তাঁর অভিনীত তানিয়া চরিত্রটি মনে রেখেছেন। সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপাতত মুখ খুলতে চান না এই অভিনেত্রী। তবে জানান, তাঁর হাতে কিছু গল্প রয়েছে। অর্ষার কথায়, ‘কনফার্ম না করে কিছু বলতে চাই না। আমি চাই, সিনেমার মাধ্যমে নিজের কাজের লেভেল আরও ছাড়িয়ে যেতে। সে জন্য ধৈর্য ধরতেও রাজি আছি। তবে দর্শকদের জন্য শিগগিরই ভালো খবর দিতে চাই।’