তারকাদের ঝলমলে জীবনের আড়ালে যে লুকিয়ে থাকে নানা চড়াই-উতরাই, সেই পর্দার আড়ালের গল্পই এবার খোলাখুলি তুলে ধরলেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে নিজের জীবনের দর্শন, কঠিন সময় আর অজানা অভিজ্ঞতার কথা সোজাসাপ্টা ভাষায় শেয়ার করেন তিনি।
পডকাস্টে নুসরাত ফারিয়া জানান নিজের নাম নিয়ে এক মজার তথ্য। তার পুরো নাম নুসরাত জাহান ফারিয়া হলেও, মা আদর করে তার নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের খুব কাছের মানুষদের কাছে তিনি আজও এই নামেই পরিচিত।
জীবনের পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতার কথাও উঠে আসে আড্ডায়। ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলোই আমাকে সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে—কে আসলে আপন, আর কে পর।’
দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তার কথাও মনে করিয়ে দেন তিনি। তখন নুসরাত ফারিয়া বলেছিলেন, শুধু বিশেষ দিনে গোলাপ উপহার দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে হারিয়ে ফেলে ভালোবাসার চেয়ে নিজের ভালো থাকাকে অগ্রাধিকার দেওয়ার সেই দর্শনে তিনি এখনো অটল বলে জানান।
পডকাস্টের এই পর্বে প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন নুসরাত ফারিয়া, যা দর্শকদের কাছে তাকে আরও কাছের করে তুলবে বলেই মনে করছেন অনেকে।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের নবম এই পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। প্রায় ১০০ মিনিটের বিশেষ এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।