দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা নিয়ে ফের গুঞ্জন তুঙ্গে। গত অক্টোবর মাসে দুজনের বাগদান হওয়ার খবর জানানো হয়েছিল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) উদয়পুরে নাকি বিয়ে করছেন এই তারকা যুগল। বিষয়টি নিয়ে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের সাজ, এবং আলোর ছটায় বিয়ের আয়োজন চলছে।
ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া, যিনি বর্তমানে উদয়পুরে ভ্রমণ করছেন। ভিডিওতে তিনি বলেন,
"আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে হচ্ছে।"
ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে আপাতত গুজব ঠেকাতে সামনে এসেছে বিজয়-রাশমিকার ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে জানা গেছে, ২ ফেব্রুয়ারি বিয়ের খবর পুরোপুরি গুজব।
ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন, আসল বিয়ের দিন হবে ২৬ ফেব্রুয়ারি। বিয়ে উদযাপিত হবে উদয়পুরে, পরে হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠদের জন্য রাজকীয় প্রীতিভোজের আয়োজনও রয়েছে।
ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ২ ফেব্রুয়ারি বিয়ের খবরকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে ভক্তদের।