মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেঠির বাসভবনের বাইরে ভয়ঙ্কর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাত, আনুমানিক ১২টা ৪০ থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় সন্দেহভাজনরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

গুলির আওয়াজ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় মুম্বাই পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল। পুরো এলাকা দ্রুত ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা কঠোরভাবে জোরদার করা হয়। রোহিত শেঠির বাড়ির বাইরে এখন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুর্বৃত্তদের আসল উদ্দেশ্য কী, তা এখনও অজানা। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

বলিউডের অসংখ্য তারকার বাস এই অভিজাত জুহু এলাকায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে।

এটিই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে বিনোদন জগতের বহু তারকা বা ব্যবসায়ীর বিরুদ্ধে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ এপ্রিল, সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়, যার দায় 'বিষ্ণোই গ্যাং' নামের একটি গোষ্ঠী নেয়। মামলায় দুজনকে আটক করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান।

তার আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বাড়িতেও একইভাবে গুলি চালানো হয়েছিল, যার দায়ও স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। সেই ঘটনার অভিযুক্ত দুজন পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়।

কানাডায় কৌতুক শিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণ করে একই গ্যাং। একইভাবে কানাডায়ই পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর বাড়িতেও গুলি চালানোর দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রোহিত গোদারা।

এছাড়া ভারতের গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও গুলি ছোড়া হয়েছিল। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও কেউ আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি।

রোহিত শেঠির বাড়ির সামনের এই গুলিবর্ষণ ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। পুলিশ সম্ভাব্য সব কৌণিক থেকে তদন্ত করলেও, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি স্বয়ং রোহিত শেঠি।

 

Walton Ads