ঢালিউডে আবারও জোর গুঞ্জন—ফের মা হতে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি ও শারীরিক পরিবর্তন নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলেছে। তবে আগের মতোই এবারও বিষয়টি নিয়ে রহস্য বজায় রেখেছেন এই নায়িকা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। সেদিন তিনি পরেছিলেন সাদা রঙের একটি ফ্লোর টাচ গাউন, যা নজর কাড়ে উপস্থিত সবার।
অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেটিজেনদের একাংশ দাবি করেন, ক্যামেরায় বুবলীর বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয় সেখানে উপস্থিত সাংবাদিকদের মাঝেও।
বিশেষ করে তার হাঁটাচলা ও শারীরিক ভঙ্গি দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি হয়তো আবার মা হতে চলেছেন।
গুঞ্জন প্রসঙ্গে অনুষ্ঠানে বুবলী সরাসরি কিছু অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। প্রশ্নের জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন,
“আপনাদের আমি কখনই দোষ দিই না। আপনারা নিউজ করবেন, এটা খুব স্বাভাবিক। অডিয়েন্সের আগ্রহ থাকবেই। তবে সবকিছুরই একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে—যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই।”
তিনি আরও বলেন,
“আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। তাই আমি চাই, আপাতত বিষয়টা ন্যাচারালভাবেই থাকুক। যেদিন আমার প্রোগ্রাম হবে, সেদিন সব বলব।”
এদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন বলেও আলোচনা চলছে।
দীর্ঘদিন ধরে শাকিব খান ও বুবলীর সম্পর্কের দূরত্ব নিয়ে নানা কথা শোনা গেলেও, তাদের আবার বাবা-মা হওয়ার এই গুঞ্জন নতুন করে প্রশ্ন তুলেছে।
এর আগেও এ ধরনের প্রশ্নের মুখে পড়ে বরাবরের মতো কৌশলী উত্তর দিয়েছেন বুবলী। এবারও তার ব্যতিক্রম হয়নি।
উল্লেখ্য, গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে এই জুটিকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। সেখান থেকেই নতুন করে শুরু হয় গুঞ্জন—তারা কি আবার কাছাকাছি এসেছেন? বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই?
