আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ এখন পুরোদমে জমজমাট। ভোটের দিন আর বেশি দূরে নেই। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনীতির মানুষদের পাশাপাশি শোবিজের অনেক তারকাও এখন প্রচারণায় ব্যস্ত। যে যার পছন্দের দল ও প্রার্থীর পক্ষে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন।

কিন্তু এবারের নির্বাচনে ঢাকাই শোবিজের কয়েকজন বড় তারকা ভোট দিতে পারবেন না। কারা তারা আর কেন? চলুন জেনে নিই—
চিত্রনায়ক শাকিব খান ঢাকা-১৭ আসনের ভোটার। গুলশান এলাকায় তার বাসা। কিন্তু এখন তিনি ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন। ফলে এবার ভোট দিতে পারছেন না এই সুপারস্টার।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এখন দেশের বাইরে। বারিধারা এলাকার বাসিন্দা হিসেবে তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। তবে বর্তমানে তার ভোট দেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো খবর নেই।

আরেক চিত্রনায়ক আরেফিন শুভও ভোট দিতে পারবেন না। তিনি ঢাকা-১১ আসনের ভোটার। কিন্তু নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে থাকায় তার ভোট দেওয়া হচ্ছে না।
অন্যদিকে কয়েকজন তারকা অবশ্য ভোট দিতে পারবেন। চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকেন, তাই ঢাকা-১৮ আসনে তার ভোট দেওয়ার কথা। অপু বিশ্বাস বাড্ডায় থাকেন, তিনি ঢাকা-১১ আসনের ভোটার।

চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজারবাগ এলাকায় বাস করেন, তাই তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগরের আসন ঢাকা-১৮। চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার।
নির্বাচনের এই উত্তেজনার মধ্যে শোবিজ তারকাদের ভোটের খবরও এখন আলোচনায়।

 

Walton Ads