বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন ভক্তদের। গত ২৭ জানুয়ারি এক আকস্মিক বার্তায় তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেবেন না। ক্যারিয়ারের একেবারে শীর্ষ সময়ে এমন সিদ্ধান্তে যেমন কোটি ভক্ত মুষড়ে পড়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রোল।
অবসরের কারণ স্পষ্ট না করলেও সমালোচকদের চুপ করাতে দীর্ঘ এক পোস্ট করেন অরিজিৎ। সেখানে তিনি সরাসরি লিখেছেন, এই বার্তা শুধুমাত্র তাঁর প্রকৃত শ্রোতাদের জন্য। “যদি আপনি শ্রোতা না হন, তাহলে দয়া করে এটি পড়বেন না। কারণ আপনার প্রয়োজন নেই”—এভাবেই স্পষ্ট ভাষায় জবাব দেন তিনি। একই সঙ্গে এই ‘নিষ্ঠুর এবং নির্দয় পৃথিবীতে’ তাঁকে ভালোবাসার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান।
তবে নতুন অ্যাসাইনমেন্ট না নিলেও তাঁর কণ্ঠ এখনই থেমে যাচ্ছে না। অরিজিৎ জানিয়েছেন, তাঁর অনেক গানের কাজ এখনও অসম্পূর্ণ। সেগুলো শেষ হলে পর্যায়ক্রমে মুক্তি পাবে। শিল্পীর ভাষায়, “অনেক গান এখনও রিলিজ বাকি আছে। অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ হলে তবেই সেগুলো প্রকাশ পাবে। হয়তো সারা বছর ধরেই চলবে।”
ইনস্টাগ্রামে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লেখেন, শ্রোতাদের অগাধ ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি আর প্লেব্যাকের নতুন কোনো দায়িত্ব নেব না। আমি এখানেই শেষ করছি। এটি একটি দুর্দান্ত জার্নি ছিল।”
অরিজিতের এই সিদ্ধান্ত সংগীত জগতে বড় শূন্যতা তৈরি করবে বলেই মনে করছেন অনেকে। তবে ট্রোল বা সমালোচনায় বিচলিত না হয়ে তিনি এখন অসমাপ্ত কাজ শেষ করার দিকেই মনোযোগ দিতে চান। ভক্তদের জন্য সেটাই হয়তো আপাতত একমাত্র স্বস্তির খবর।
