দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এর ২৭ বছরের সংসারে কি সত্যিই বিচ্ছেদের ছায়া নেমে এসেছে? দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম এর সঙ্গে তার দূরত্ব এখন টক অব দ্য টাউন। তবে বিচ্ছেদের গুঞ্জনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণন এর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা।
সম্প্রতি চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে এই জুটিকে একসঙ্গে দেখার পর ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে—তাদের সম্পর্ক কি শুধুই পরকীয়া?
ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন, আর ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এমন উপস্থিতি নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। অনেকে সরাসরি তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছুজন বলছেন, ‘এখন স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ মাত্র সময়ের ব্যাপার?’
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা ইতোমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন পরিস্থিতি দেখে ভক্তরা হতাশ।
বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়েবাড়িতে বিজয়-তৃষা পৌঁছানোর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন, যেখানে লেখা ছিল, ‘সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।’ যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয়, তবে ততক্ষণে নতুন ধোঁয়াশা তৈরি হয়ে গেছে।
বিজয় ও তৃষার রসায়ন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমা দিয়ে তাদের জয়যাত্রা শুরু। এরপর কয়েকটি সফল সিনেমা উপহার দিলেও ২০০৮ সালের পর দীর্ঘ ১৪ বছর তাদের একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রয়েছে, সেই সময়ে তাদের সম্পর্ক নিয়ে বিজয়ের পরিবারে অশান্তি চরমে পৌঁছলে তৃষার সঙ্গে কাজ না করার শর্ত দেওয়া হয়েছিল।
