অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বিশ্বখ্যাত মার্কিন পপ সম্রাজ্ঞী রিহানা। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে তার বিলাসবহুল বাসভবনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত নারী ইভানা লিসেট অরটিজকে মঙ্গলবার (১০ মার্চ) লস অ্যাঞ্জেলসের একটি ফৌজদারি আদালতে হাজির করা হয়েছে।

পুলিশি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ (রবিবার) দুপুর সোয়া একটা নাগাদ ফ্লোরিডার বাসিন্দা ৩৫ বছর বয়সি ইভানা একটি গাড়ি নিয়ে রিহানার বাড়ির সামনে হাজির হন। এরপর তিনি হঠাৎ করেই একটি ‘এআর-১৫’ স্টাইলের রাইফেল নিয়ে গায়িকার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।

গুলির তীব্রতা এতই বেশি ছিল যে, দেয়াল ভেদ করে তা সরাসরি অন্দরমহলে গিয়ে পৌঁছায়। ঘটনাস্থল থেকে পুলিশ অ্যাসল্ট রাইফেলের কার্তুজ ও গুলির খোসা উদ্ধার করেছে। হামলার সেই আতঙ্কজনক মুহূর্তে রিহানা ও তার সন্তানেরা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ নিশ্চিত করেছে যে, গায়িকা ও তার পরিবার এখন সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

এই নজিরবিহীন হামলার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন রিহানা। কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে একজন আততায়ী তার ব্যক্তিগত পরিসরে গুলি ছুড়তে সক্ষম হলো, তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইভানার বিরুদ্ধে শুধু রিহানার বাড়িতে হামলা নয় বরং হত্যাচেষ্টা, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা এবং জনবহুল এলাকায় গুলি চালানোর মতো অন্তত ১০টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে তার জামিন ১০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও, পরবর্তীতে তা কমিয়ে ১.৮৭৫ মিলিয়ন ডলার করা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৫ মার্চ ধার্য করেছেন আদালত।

 

news