বলিউডের সাফল্যের শীর্ষে তখন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক সুপারহিট সিনেমা ও বিশ্বজোড়া খ্যাতি থাকা সত্ত্বেও হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মায়ানগরী মুম্বাই থেকে। দীর্ঘ সময়ের রহস্যের জট সম্প্রতি খুললেন অভিনেত্রী নিজেই। ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ নামক পডকাস্টে তিনি জানান কেন তাকে বাধ্য হয়ে বলিউড ছাড়তে হয়েছিল।

বলিউডের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি এবং কোণঠাসা হওয়ার অনুভূতি ব্যক্ত করে প্রিয়াঙ্কা বলেন,“আমি এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে দীর্ঘসময় থাকতে পছন্দ করি না। কারণ বেশিদিন সেখানে থাকলে আপনি সেই গন্ধে অভ্যস্ত হয়ে যাবেন। আমি দীর্ঘক্ষণ কোনো নোংরামির মধ্যে থাকতে চাইনি।”

তার কথায়,

“জীবন সব সময় সহজ পথে চলে না। আমাদের সবার জীবনেই কিছু লড়াই থাকে। যখন সময় কঠিন হয়ে পড়ে, তখন আমাদের উচিত নিজেকে গুছিয়ে নিয়ে নতুন পথে চলা। আমি আমার ক্যারিয়ারে অনেকবার এমনটা করেছি। এক মুহূর্তের জন্য কষ্ট পাওয়া বা শোক করা ঠিক আছে, কিন্তু তারপরই সব ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হয়।”

হলিউডে পাড়ি জমানোর সিদ্ধান্তও প্রিয়াঙ্কার জন্য সহজ ছিল না। কারণ সেই সময় বিশ্বমঞ্চে ভারতীয়দের উপস্থিতি ছিল খুবই নগণ্য। তিনি বলেন,

“সেই সময় আমেরিকার পপ কালচারে মিন্ডি কেলিং কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়া আর কোনো ভারতীয় মুখ দেখা যেত না। এই অভাববোধ এবং নিজেকে চ্যালেঞ্জ জানানোর প্রবল ইচ্ছাই আমাকে অজানার পথে পাড়ি দিতে সাহস জুগিয়েছিল।”

নিজের আত্মবিশ্বাস নিয়েও প্রিয়াঙ্কা বললেন,

“হলিউডে যাওয়ার সময় আমার সামনে কোনো নিশ্চিত পথ বা উদাহরণ ছিল না। আমি শুধু জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজটা জানি। যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সামনে আমি সমানে সমানে পাল্লা দিতে পারি। এই আত্মবিশ্বাস আমাকে কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়তে সাহায্য করেছে।”

 

news