অপেক্ষা শেষ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পেয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে এই বায়োপিক। আর দেশের প্রেক্ষাগৃহেও একই দিনে দেখতে পাচ্ছেন দর্শকেরা।
দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখায় রাখা হয়েছে সিনেমাটির শো। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক সাড়া তৈরি হবে বলে আশা করছেন তারা।
এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সম্প্রতি জার্মানির বার্লিনে সিনেমাটির প্রদর্শনীতে দর্শক ও সমালোচকদের কাছ থেকে এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া।
মাইকেল জ্যাকসন চরিত্রে পর্দায় আগমন ঘটেছে তাঁর আপন ভাতিজা জাফর জ্যাকসনের। কিংবদন্তি এই শিল্পীর ঠিক কেমন ছিল লুক, কণ্ঠ, নাচ আর শরীরী ভাষা—ঠিক যেন সেসব ফুটিয়ে তুলেছেন জাফর। তাঁর অভিনয় দেখে অনেকেই বলে বসেছেন, ‘মাইকেল আবার বেঁচে এসেছেন!’
পরিচালক অ্যান্টনি ফুকার গুণী হাতে মাইকেলের জীবনের উত্থান-পতন আর সংগীত জগতের রোমাঞ্চকর গল্পটিকে এতটাই বাস্তব করে তুলেছেন যে দর্শকরা মুগ্ধ।
জাফর ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।
যারা ছোটবেলায় ‘বিলি জিন’, ‘থ্রিলার’, ‘স্মুথ ক্রিমিনাল’ শুনে বড় হয়েছেন, তাদের জন্য তো এই সিনেমা এক রকম স্বপ্নের মতোই। আর বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে একসঙ্গে মুক্তি পাওয়াটা যেন সোনায় সোহাগা।
