অভিনয়ে অনিশ্চিত ভবিষ্যৎ, ব্যবসায় মনযোগী শিল্পীরা

বিভিন্ন পেশা থেকে এসে অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন এমন শিল্পীর সংখ্যা অনেক। তেমনি এই মাধ্যমে সফল হয়েছেন, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুকেছেন অন্য পেশায় এমন শিল্পীর সংখ্যাও কম নয়। এমনকি এ তালিকায় রয়েছে তারকাদের নামও। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে চোখ রাখলেই দেখা যায়, বড় পর্দা কিংবা ছোট পর্দার অনেক সফল অভিনয় শিল্পীই মনযোগী হয়েছেন ব্যবসায়। তাদের অনেকেই বলছেন ক্যারিয়ারের অনিশ্চিত ভবিষ্যতের কথা।

পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাঝে বেশ অনেকদিনই হাতে তেমন কাজ ছিল না। সেসময় নিজেই খুলেছেন দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। আরেক তারকা অভিনেতা জিৎ। তিনিও খুলেছেন নিজের নামে প্রযোজনা প্রতিষ্ঠান। সাংসদ অভিনেতা দেব-ও হেটেছেন একই পথে।

তারকা অভিনেত্রী রচনা ব্যানার্জিও শুরু করেছেন শাড়ির ব্যবসা। শুধু বড় পর্দার অভিনয় শিল্পীরাই নন, ছোটপর্দার শিল্পীরাও শুরু করেছেন নানান ব্যবসা। তাদের মধ্যে কেউ খুলেছেন জিমনেশিয়াম, আবার কেউ দিয়েছেন কফি হাউজ বা খাবারের দোকান।

তবে অভিনেত্রীদের মধ্যে বেশিরভাগেরই রয়েছে শাড়ি, কসমেটিক অথবা পার্লারের ব্যবসা। অভিনয় শিল্পীরা ব্যবসায় মনযোগী হওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি অভিনয়ে ভাত মিলছে না? নাকি জীবনের অনিশ্চয়তা থেকেই ব্যবসায় ঝুকছেন তারা?

ছোটপর্দার পরিচিত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো-য়ে তাকে মেন্টর হিসেবেও দেখা গেছে। তবে সিরিয়াল শেষ হওয়ার আগেই নিজের নামে একটি ব্যায়ামাগার খুলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি হঠাৎ ব্যবসা সিদ্ধান্ত কেন?

গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে দ্বীপান্বিতা বলেন, ‘অভিনয় জীবনের তো একটা অনিশ্চয়তা আছে। ব্যবসা শুরু করার সেটা একটা কারণ। তবে ছোট থেকেই আমার ব্যবসার ইচ্ছা ছিল। প্রথমে ভেবেছিলাম নাচের স্কুল খুলব।’

‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের অভিনেতা রাহুল মজুমদার সম্প্রতি নিজের নামে একটি জিমনেশিয়াম খুলেছেন। তিনি বলেছেন, ‘আমার পরিবার ব্যবসায়ি পরিবার। তাই ছোট থেকেই ব্যবসা করব বলে ঠিক করেছিলাম। তবে এটা ঠিক আমরা অভিনয় করে যা আয় করি, সেটা ব্যবসায় বিনিয়োগ করলে টাকা বাড়বে। সেটা ভবিষ্যতে লাভই হবে আমাদের।’

ত্বরিতা চট্টোপাধ্যায় খুলেছেন খাবারের দোকান। এই অভিনেত্রী একজন পুষ্টিবিদও। তিনি খাবারের দোকানের পাশাপাশি শুরু করেছেন ক্যাফে ও পোশাকের ব্যবসা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা কত বয়স পর্যন্ত অভিনয় করে যেতে পারব, তার তো কোনও ঠিক নেই। আর সব সময় পছন্দ মতো চরিত্র পাব তা-ও নিশ্চিত নয়। তাই বিকল্প হিসাবে ব্যবসা করা তো ভবিষ্যতের জন্যই ভাল।’

 এনবিএস/ওডে/সি

Walton Ads