সেরা ব্যান্ডের পুরস্কার পেলো ‘অ্যাশেজ’

বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’ দীর্ঘ দেড় দশকে উপহার দিয়েছে প্রায় দুই ডজন গান। এর প্রায় সবগুলোই ভক্তদের মুখে মুখে শোনা যায়। এবার ‘অ্যাশেজ’র ঝুলিতে যুক্ত হলো সেরা ব্যান্ডের স্বীকৃতি। সম্প্রতি ‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২১’-এ এই স্বীকৃতি অর্জন করেছে ব্যান্ডটি। ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানের জন্য পুরস্কার দেয়া হয় তাদের।

এ অর্জনে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘গত ১৫ বছরে আমরা যত কাজ করেছি, তার স্বীকৃতি হিসেবে এই প্রাপ্তি আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি, সেরা ব্যান্ড বিভাগে আমরা যে পুরস্কার পেয়েছি, তা শুধুমাত্র শ্রোতাদের ভালোবাসার সুবাদেই সম্ভব হয়েছে। তাই সেই শ্রোতাদের পুরস্কারটি উৎসর্গ করছি। বিশেষ করে যারা ‘অ্যাশেজ’র কনসার্ট দেখার জন্য প্ল্যাকার্ড হাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়।’

‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২১’-এ সেরা ব্যান্ড ক্যাটাগরিতে আরও দুটি ব্যান্ড মনোনয়ন পেয়েছিলো। এগুলো হলো ‘শূন্য’ (বেহুলা) ও ‘শিরোনামহীন’ (এই অবেলায়)।

গত বছর বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী হিসেবে আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্ফটিফাই’-এর দুবাই হেডকোয়ার্টারে আমন্ত্রণ পেয়েছিলেন ‘অ্যাশেজ’র দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান। এরপর গেলো ডিসেম্বরে ব্যান্ডটি একটানা ইউরোপের তিনটি দেশে (নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্স) কনসার্ট করে এসেছে।

‘অ্যাশেজ’র বর্তমান লাইনআপে রয়েছেন- জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।

 এনবিএস/ওডে/সি

Walton Ads