টুইটারে ব্লু টিক যেন খোলামকুচি! হাজারের কম ফলোয়ার, তাও টাকা দিলেই কেল্লাফতে
টুইটার অধিগ্রহণের পর থেকেই ইলন মাস্ক (Elon Musk) যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তারমধ্যে অন্যতম আলোচিত ব্লু টিক সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। গাঁটের পয়সা খরচ করেই এবার টুইটারে (Twitter) মিলবে এই সুবিধা। স্পষ্ট জানিয়ে দিয়েছে টুইটার। শুধু তাই নয়, আগে থেকে যাঁদের অ্যাকাউন্টের নামের পাশে ব্লু-টিক রয়েছে, তাঁদেরও টাকা দিতে হবে। তারমধ্যেই এমন এক তথ্য সামনে এল যা দেখে ব্লু টিক ব্যবহারকারীদের সম্পর্কে খুব অনুকূল ধারণা তৈরি হয় না।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, এখনও পর্যন্ত টুইটারে ব্লু সাবস্ক্রিপশনের সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪৩৫। তার মধ্যে প্রায় অর্ধেক (২ লাখ ২০ হাজার ১৩২) অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১ হাজারের কম!
চমকের এখানেই শেষ নয়। একটি রিপোর্ট অনুযায়ী, টুইটারে ২ হাজার ২৭০ টি ব্লু টিক অ্যাকাউন্ট রয়েছে, যায় ফলোয়ার সংখ্যা শূন্য। অর্থাৎ টাকা দিয়েই কেনা ব্লু টিক। তবে ব্যবহারকারীদের মধ্যে টাকা দিয়ে ব্লু সাবস্ক্রিপশন নেওয়ার প্রবণতার হার অনেকটাই কম। গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মাত্র ০.২ শতাংশ ব্যবহারকারী এর জন্য টাকা দিয়েছেন।
তবে আগামী ১ এপ্রিল থেকে এই চিত্রের বড় পরিবর্তন আসতে চলেছে। বলা হয়েছে, ১ তারিখ থেকে টাকা না দিলে আর অ্যাকাউন্টের পাশে ব্লু টিক থাকবে না। বিশ্বের প্রায় অধিকাংশ তারকার টুইটার অ্যাকাউন্ট ব্লু ব্যাচ মার্ক আছে। কিন্তু ১ তারিখের পর থেকে টাকা না দিলে সেই ব্যাচ আর থাকবে না।
গত বছর টুইটার অধিগ্রহণের পর থেকেই এই নীল টিক চিহ্নের জন্য সাবস্ক্রিপশনের ব্যবস্থা শুরু করেন ইলন মাস্ক। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বিশ্বে। ব্লু টিক পেতে পয়সা খরচ করতে নারাজ অনেকেই। তবে ইলন মাস্ক জানিয়ে দেন, টুইটারে আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
