১০০ ফুট গিরিখাতে পড়েও প্রাণে বেঁচে কিশোর
ভুক্তভোগী ওই কিশোরের নাম ওয়াট কাফম্যান। তার বয়স ১৩ বছর এবং এই দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন থেকে পিছলে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যাওয়ার পরেও ১৩ বছর বয়সী এক কিশোর প্রাণে বেঁচে গেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই পর্যটন স্থানের নর্থ রিমের প্রান্ত থেকে পড়ে যায় সে।
অবশ্য নিচে পড়ে যাওয়ার পর ওয়াট কাফম্যানকে দুই ঘণ্টা মধ্যে উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পওে সেখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়।
ওয়াট একটি স্থানীয় একটি টেলিভিশনে জানায়, অন্যদের ছবি তোলার সুযোগ দিতে রাস্তা থেকে সরে যাওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। হাসপাতালে থাকাকালীন সে জানায়, ‘নিচে পড়ে যাওয়ার পরে আমার আর কিছুই মনে নেই।’
অবশ্য ছেলেকে জীবিত ফিরে পাওয়ায় ওয়াটের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তার বাবা ব্রায়ান কাফম্যান বলেন, ‘আমরা উদ্ধারকারীদের কাজের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমরা ভাগ্যবান যে, আমরা আমাদের বাচ্চাকে বাক্সের (কফিনের) পরিবর্তে গাড়ির সামনের সিটে বসিয়ে বাড়িতে নিয়ে আসতে পেরেছি।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
