ভেনেজুয়েলার তেল রফতানিতে নিষেধাজ্ঞা কিছুটা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, সস্তায় কিনতে চলছে ভারত
ভেনেজুয়েলার তেল ও গ্যাস ক্ষেত্রের উপর থেকে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করেছে আমেরিকা। এতে বিশ্ব বাজারে অশোধিত তেলের সরবরাহ বাড়বে।
আজ ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭৭ ডলারের আশপাশে। সৌদি আরব উৎপাদন ছাঁটাই করলেও এখনও দাম বাড়েনি। এর একমাত্র কারণ ভেনেজুয়েলার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়কে অভিবাদন জানাল ভারত। এ দেশের কোনও সংস্থা দক্ষিণ আমেরিকার দেশটি থেকে তেল কিনতে শুরু করেছে কি না, তা স্পষ্ট করে না বললেও তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরি জানান, ভারত অবশ্যই ভেনেজুয়েলার তেল কিনবে। এ দেশের কয়েকটি শোধনাগারে ভেনেজুয়েলার ভারী অশোধিত তেল শোধনের প্রযুক্তি রয়েছে।
২০২০ সালে ভেনেজুয়েলা থেকে শেষ বার তেল আমদানি করেছিল ভারত। তার পরে আমেরিকা ওই দেশের উপরে নিষেধাজ্ঞা চাপানোয় আর ওই পণ্য আমদানি করা যায়নি। আজ পুরী বলেন, ‘‘আমরা বরাবরই ভেনেজুয়েলা থেকে তেল কিনে এসেছি। নিষেধাজ্ঞা জারির পরে তারা আর তেল সরবরাহ করতে পারেনি।
ভারত দিনে ৫০ লক্ষ ব্যারেল তেল ব্যবহার করে। এর মধ্যে ৮৫ শতাংশই আমদানি করতে হয়। আর এর বড় অংশের জন্যই দিল্লি পশ্চিম এশিয়া এবং রাশিয়ার উপরে নির্ভরশীল। সে কারণে আমদানির সূত্র বৃদ্ধি ভারতের পক্ষে সুখবর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
