পার্কের রাস্তায় কুড়িয়ে পাওয়া হীরা

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের এক শহরের পার্কে বান্ধবীর সঙ্গে ঘুরছেন জেরি ইভানস। হাঁটছেন তারা। হঠাৎ কাচের টুকরার মতো চকচকে কিছু একটা চোখ পড়ে ইভানসের। সেটি হাতে তুলে নেন তিনি। হাঁটার সময় অনেকটা আনমনে পকেটে রাখেন। পরে জানা গেল, ওটা আসলে অতি মূল্যবান হীরার টুকরা। 

ঐতিহ্য ও পর্যটন বিভাগ জানায়, মারফ্রিসবোরোর শহরের ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে খুঁজে পাওয়া ওই হীরাটি ৪ দশমিক ৮৭ ক্যারেটের। তিন বছরের মধ্যে পাওয়া সবচেয়ে বড় হীরা এটি।

ইভানস বলেন, পার্কে ঢোকার ১০ মিনিটের মধ্যে এটি তার নজরে পড়ে। বাড়িতে যাওয়ার পর টুকরাটি আসলে কিসের, তা নিশ্চিত হওয়ার জন্য সেটি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকাতে পাঠান। কয়েক সপ্তাহ পর ওই ইনস্টিটিউট থেকে তাকে জানানো হয়, ছোট্ট এই টুকরাটি হীরা। ইভানস বলেন, ‘এটি জানার পর খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম!’ তিনি হীরাটির নাম দিয়েছেন ‘ইভানস ডায়মন্ড’। পরে ছেলের উৎসাহে ইভানস চলে যান ওই পার্কে কর্তৃপক্ষের কাছে। তাদের জানিয়ে দেন, পার্কে ঘুরতে গিয়ে তিনি হীরা পেয়েছেন।

ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কের সহকারি তত্ত্বাবধায়ক ওয়েমন কক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইভানস তার ঐতিহাসিক হীরাটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করতে পার্কে এনেছিলেন। কক্স বলেন, ‘ইভানসের পাওয়া হীরাটি দর্শনীয়।
 
দ্য স্টেট পার্ক বিভাগ জানায়, ২০২০ সালে ৯ দশমিক শূন্য ৭ ক্যারেটের একটি বাদামি হীরা পাওয়া গিয়েছিল এ পার্কে। এরপর ইভানসের পাওয়া হীরাটিই সবচেয়ে বড়। ২০২৩ সালে ওই পার্ক থেকে পাওয়া ৭৯৮টি হীরার নিবন্ধন করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads