যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চান শি জিনপিং
সোমবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে সাক্ষাৎ করেন শি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় দু’দেশের মধ্যে সংঘাত ও প্রতিযোগিতা বন্ধ করে যোগাযোগ উন্নত করার প্রতিশ্রুতি ও আশা ব্যক্ত করেন উভয় দেশের নেতা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এই বার্ষিকী উপলক্ষে উভয় পক্ষের মাঝে স্থতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়নের জন্য ব্যবহারিক পদক্ষেপ নেয়ার কথা বলেন শি জিনপিং।
বার্তা বিনিময়ের সময় শি জোর দিয়ে বলেন, ‘আমি চীন-মার্কিন সম্পর্ককে সঠিক পথে চালিয়ে নিয়ে যেতে চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের স্বার্থে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য প্রেসিডেন্ট বাইডেনের সাথে কাজ করতে ইচ্ছুক।’ তিনি আরও বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-পরাজয়ের সহযোগিতাকে মেনে চলা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগের সঠিক উপায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
