মার্কিন মেইন অঙ্গরাজ্যে অযোগ্য ঘোষণাকে চ্যালেঞ্জ করলেন ট্রাম্প
২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে মেইনে আসন্ন ২০২৪ নির্বাচনের প্রাইমারিতে সাবেক এই প্রেসিডেন্টকে অংশগ্রহণ অযোগ্য ঘোষণা করে রাজ্যের সেক্রেটারি অফ স্টেট শেনা বেলোস। সোমবার বেলোসের এই পদক্ষেপকে বাতিল করতে আদালতে আপিল করেছে ট্রাম্পের অ্যাটর্নিরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনী অনুযায়ী ট্রাম্প রাষ্ট্রের বিরুদ্ধে ‘বিদ্রোহে লিপ্ত’ অভিযোগে তাকে ফেডারেল অফিসের কাজে অংশগ্রহণে নিষিদ্ধ ও নির্বাচন থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানায় মেইনের কর্তৃপক্ষ।
তবে ট্রাম্পের আইনজীবীরা আদালতে দায়ের করা মামলায় বেলোসকে একজন ডেমোক্র্যাট ও আইনি প্রক্রিয়া ছাড়াই ট্রাম্পকে নির্বাচন থেকে সরানোর জন্য ‘পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী’ বলে অভিযোগ করেন। তাছাড়া এই মামলায় বেলোসকে ‘স্বেচ্ছাচারী’ বলেও উল্লেখ করা হয়।
ধারণা করা হচ্ছে, মেইনের সেক্রেটারি অফ স্টেটের পদক্ষেপের বিরুদ্ধে করা এই মামলা আদালত যদি গ্রহণ ও আইনজীবীরা যদি চ্যালেঞ্জটির নিষ্পত্তি করতে পারে, তাহলে ট্রাম্পের যোগ্যতার বিষয়ে আদালতের রায় দেশব্যাপী প্রয়োগ করা হবে। যার মাধ্যমে মিশিগান, মিনেসোটায় চলা মামলা ও কলোরাডোর নির্বাচনে অযোগ্য ঘোষণা বিষয়টি চ্যালেঞ্জে পড়বে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
