মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ত্রিমুখী লড়াইয়ে রূপ নেওয়ার সম্ভাবনা: বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রে সুপার টুয়েসডেতে নিজ নিজ দলের প্রাথমিক বাছাইপর্বে (প্রাইমারি ও ককাস) ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দু’জনই বেশ স্বস্তির জয় পেয়েছেন। এতে দলীয় মনোনয়নের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছেন বাইডেন ও ট্রাম্প। তবে বিশ্লেষকেরা বলছেন, বাছাইপর্বে সাফল্যের আড়ালে কিছু সমস্যা ঢাকা পড়ে আছে। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের দৌড়ে দুজনের ওপরই এসব সমস্যা প্রভাব ফেলবে।

মার্কিন নাগরিকেরা জর্জ ওয়াশিংটনের পর আর কোনো স্বতন্ত্র প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত করেননি। তবে এবার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেন ও ট্রাম্পকে নিয়ে জনগণের মধ্যে যে অনীহা দেখা যাচ্ছে, তাতে তৃতীয় কোনো পক্ষের উত্থান ঘটার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। বয়স বেশি হওয়ায় ও ইসরায়েল-গাজা যুদ্ধে নিজ ভূমিকা নিয়ে ডেমোক্র্যাটদের অনেকে বাইডেনের ওপর ক্ষুব্ধ। সে কারণে সুপার টুয়েসডেতে বড় জয় পেলেও তা খুব একটা উদ্যাপন করতে পারছেন না তিনি। অন্যদিকে বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি মাত্রায় বিভক্ত হয়ে পড়া রিপাবলিকান পার্টিকে ট্রাম্প আদৌ ঐক্যবদ্ধ করতে পারবেন কি না, তা নিয়ে দলটির সমর্থকদের অনেকে সন্দিহান। বাইডেন ও ট্রাম্পকে নিয়ে এমন দোলাচলের মধ্যে তৃতীয় পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের গ্রহণযোগ্যতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। ভোটারদেরও অন্য যেকোনো সময়ের চেয়ে এবার বেশি করে তাদের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে তিন ব্যক্তির লড়াইয়ে রূপ দিতে পারেন। বিশ্লেষকেরা বলছেন, তৃতীয় পক্ষের প্রার্থীদের ঠেকাতে বাইডেন ও ট্রাম্পকে নভেম্বরের মধ্যে নিজেদের বিরুদ্ধে ‘বিদ্রোহের’ মাত্রা কমিয়ে আনতে হবে।জর্জ ডব্লিউ বুশ মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তাঁর প্রশাসনে কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন রাজনীতিবিষয়ক পরামর্শক কিথ নাহিগিয়ান। তিনি মনে করেন, রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্প ও বাইডেনের জন্য বাধা হয়ে উঠতে পারেন। কারণ, এতে ভোটাররা এ দুজনকে বর্জন করে অন্য কাউকে সমর্থন করার সুযোগ পাবেন।

সাউথ ক্যারোলাইনা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির পক্ষে যারা ভোট দিয়েছেন, তাদের প্রায় দুই-তৃতীয়াংশ থেকে তিন-চতুর্থাংশ বুথফেরত জরিপে স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্প তাদের ভোট পাবেন না। ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় ৯১টি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এতে ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরও জটিল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের প্রাথমিক বাছাইপর্বে প্রতি তিনজনে একজন ভোটার কোনো অভিযুক্ত ব্যক্তিকে ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে, ২০২০ সালে যারা বাইডেনকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকে এখন মনে করেন, ৮১ বছর বয়সী এই প্রেসিডেন্ট আর খুব একটা কাজ করতে পারবেন না। বয়সের কারণে তার কার্যক্ষমতা কম হবে। বাইডেনকে বর্জনের আহ্বান জানিয়ে ‘অ্যাবানডন বাইডেন’ আন্দোলন পরিচালনা করছেন হাসান আবদেল সালাম। তিনি বলেন, ‘এ সংখ্যা অবিশ্বাস্য রকমের।’ নিজের উদ্যোগে শুরু হওয়া আন্দোলনের প্রতি ইহুদি, আফ্রিকান আমেরিকান, লাটিনো ও তরুণ ভোটারদের সমর্থন চাইছেন সালাম।

Walton Ads