যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল!

গত অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের হামলায় সমর্থন দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিয়েছেন অস্ত্র ও সামরিক সরঞ্জাম। তবে গাজার রাফাহ এলাকায় ইসরায়েলের হামলা চালানোর পরিকল্পনার পর থেকে বাহ্যত কিছুটা যেন বেঁকে বসেছেন বাইডেন। 

দেশি-বিদেশি চাপের মধ্যে ইসরায়েলে অস্ত্রের একটি চালানও স্থগিত করেছেন তিনি। বাইডেনের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল  বলে মনে করেন বিবিসির সাংবাদিক টম বেটম্যান।

বিশ্বে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৈত্রী। চলতি সপ্তাহে এ সম্পর্ক কিছুটা যেন গুটিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তিই হলো ওয়াশিংটনের অস্ত্র সরবরাহ। আর বাইডেন এই অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়টিই সামনে এনেছেন। আসলে গাজায় ইসরায়েলের হামলায় যে চরম মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ঠেকাতে প্রবল চাপের মধ্যে রয়েছেন বাইডেন।

গত শতকের আশির দশকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ক্ষমতায় থাকার সময় থেকে এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশ্লেষক ও মধপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা অ্যারন ডেভিড মিলার বলেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়েছেন বাইডেন। 

একদিকে রয়েছে ইসরায়েলের এককাট্টা সমর্থক রিপাবলিকান পার্টি, আরেক দিকে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে বিভক্ত তার ডেমোক্রেটিক পার্টি। তবে এখন পর্যন্ত বাইডেনকে দেখে মনে হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয় এমন কিছু করতে চান না তিনি। 

সোমবার ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, রাফাহর পূর্বাঞ্চল লক্ষ্য করে তৎপরতা শুরু করেছে তাদের স্থল বাহিনী। এই এলাকার জনবসতিগুলোর কাছে ইসরায়েলি ট্যাংকগুলোও জড়ো হচ্ছে। ইতোমধ্যে রাফাহ থেকে তিন লাখেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার একই কথা বলছেন যে রাফাহ’য় পুরো মাত্রায় স্থল হামলা চালানো হবে। সেখানে হামাসকে নির্মূলের জন্য এমন অভিযান প্রয়োজন। যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনা সফল হোক বা না হোক, এ অভিযান চলবেই। রাফাহ’য় পূর্ণ মাত্রায় স্থল হামলা না চালাতে ইসরায়েলকে বহুবার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ইসরায়েল যাতে মোটেই পাত্তা দিচ্ছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads