মার্কিন বিমানবাহি যুদ্ধজাহাজে হুথি ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভয়াবহ হামলা চালানোর পর হুথিরা শুক্রবার লোহিত সাগরে মার্কিন বিমানবাহি যুদ্ধজাহাজ আইসেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা ঘোষণা করেছে।

হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি এই হামলা চালানোর কথা জানান। এর আগে ইয়েমেনের হোদেইদা প্রদেশে ইঙ্গ-মার্কিন যৌথ হামলায় ১৬ জন নিহত ও ৫০ জন আহত হন।

হুথিরা জানায়, ই্ঙ্গ-মার্কিন এই হামলার প্রতিশোধ হিসেবে তারা আইসেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলায় এবারই সর্বোচ্চ সংখ্যক ইয়েমেনি নিহত হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে হামলায় আহত ইয়েমেনিদের চিকিৎসা প্রদানের ফুটেজ প্রচার করা হয়েছে। হুথিরা বলেছে, ইঙ্গ-মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানো থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না।

মিডলইস্ট আই জানায়, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আইসেনহাওয়ারে হুথিদের হামলার ব্যাপারে তারা কিছু জানেন না।

ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলার নিন্দা করেছে ইরান। ইরান বলেছে, আন্তর্জাতিক আইন লংঘন করে সার্বভৌম দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads