পঞ্চমবারের মত বিয়ে করলেন ৯৩ বছর বয়সী রুপার্ট মারডক

 মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক শনিবার পঞ্চমবারের মতো গাঁটছড়া বেঁধেছেন। কনে অবসরপ্রাপ্ত আণবিক জীববিজ্ঞানী এলেনা জুকোভা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারডকের আঙুরবাগানে এই বিয়ের অনুষ্ঠান হয়। 

জুকোভা রুশ আমেরিকান শিল্প সংগ্রাহক দাশা জুকোভার মা এবং রুশ অলিগার্চ রোমান আব্রামোভিচের সাবেক স্ত্রী। 

ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে মারডকের সম্পদের পরিমান ৯.৭৭ বিলিয়ন ডলার।

নিউ ইয়র্ক টাইমস বলছে গত গ্রীষ্মে ঝুকোভার সঙ্গে মারডক ডেটিং শুরু করেন। মার্চ মাসে এই দম্পতি তাদের বাগদানের ঘোষণা দেন।

 মারডক সম্প্রতি এর আগে প্রাক্তন সুপার মডেল জেরি হলকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

২০২৩ সালের মার্চ মাসে, মারডক অ্যান লেসলি স্মিথকে প্রস্তাব দেন কিন্তু দুই সপ্তাহ পরে বাগদান বাতিল করা হয়।

মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে, প্যাট্রিসিয়াকে। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছর আন্নাকে বিয়ে করেন মারডক। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০১৬ সালে জেরিকে বিয়ে করেন মারডক। ২০২২ সালে বিচ্ছেদ হয়।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মারডকের ছয় সন্তান আছে। তিনি নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান। নিউজ করপোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমসের মতো গণমাধ্যম। গত বছর ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ ছাড়েন মারডক। তিনি তার ছেলে লাচলান মারডককে উভয় সংস্থার প্রধানের দায়িত্ব দেন।

মারডক ও এলেনার দেখা হয়েছিল একটি পার্টিতে। এই পার্টির আয়োজক ছিলেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং। তিনি মারডকের সাবেক স্ত্রী। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়েছিল। বিচ্ছেদ ২০১৩ সালে।

গত শতকের পঞ্চাশের দশকে অস্ট্রেলিয়ায় কর্মজীবন শুরু করেন মারডক। ১৯৬৯ সালে তিনি যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও সান সংবাদপত্র কিনে নেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads