সৌদি আরবে বসবাসরত বিদেশিদের জন্য সুখবর—২০২৬ সাল থেকে নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসী ব্যক্তি ও বিদেশি কোম্পানিগুলো। দেশটির মন্ত্রিসভা সম্প্রতি এই বিষয়ে একটি নতুন আইন অনুমোদন করেছে, যা ‘ভিশন ২০৩০’-এর আওতায় অর্থনৈতিক বৈচিত্র্য ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।
প্রথম ধাপে রিয়াদ ও জেদ্দার মতো শহরে সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে। এছাড়া আরও কিছু নির্ধারিত এলাকা ধাপে ধাপে তালিকাভুক্ত করা হবে। তবে মক্কা ও মদিনায় থাকবে কড়া বিধিনিষেধ; এসব পবিত্র শহরে সম্পত্তি কিনতে হলে বিদেশিদের জন্য বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
নতুন আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে, সৌদি সরকার ‘ইস্তিতা’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পত্তি ক্রয় সম্পর্কিত নিয়ম-কানুন, জনমত সংগ্রহ এবং অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে। এই প্রক্রিয়া ১৮০ দিন পর্যন্ত চলবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সৌদি আবাসন ও বাণিজ্য খাতে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে। রিয়াদ, জেদ্দা ও নিওমের মতো মেগা-প্রকল্পগুলোর আবাসিক ও বাণিজ্যিক চাহিদা মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌদি সরকার জানিয়েছে, বিদেশি বিনিয়োগ বাড়ালেও স্থানীয় নাগরিকদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য নীতিমালায় ব্যালান্স বজায় রাখা হবে।
বিশ্লেষকদের মতে, দুবাই, দোহা ও আবু ধাবিতে বিদেশিদের সম্পত্তি বিনিয়োগ ইতোমধ্যেই সফলতা এনে দিয়েছে। সৌদি আরবও একই পথ অনুসরণ করলে রিয়াদ ও জেদ্দা মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ হাবে পরিণত হতে পারে।
