ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে ফের বড়সড় বিতর্ক। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)-এর অন্তত ৩০ জন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। কারণ, তারা এক খোলা চিঠিতে সংস্থার নেতৃত্ব ও ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।

সোমবার, হারিকেন ক্যাটরিনার ২০তম বার্ষিকীতে প্রকাশিত চিঠিতে ১৮০ জনেরও বেশি বর্তমান ও সাবেক কর্মী অভিযোগ করেন— বাজেট কমানো, জনবল সংকোচন আর বিভিন্ন সিদ্ধান্ত ফেমাকে আবারও সেই দুরবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যা ২০০৫ সালের ভয়াবহ ব্যর্থ প্রতিক্রিয়ার সময় দেখা গিয়েছিল।

মোট ১৮২ জনের মধ্যে মাত্র ৩৬ জন নিজেদের নাম প্রকাশ করেন, বাকিরা প্রতিশোধের ভয়ে গোপন থাকেন। পরদিনই প্রায় ৩০ জন কর্মীকে বরখাস্ত করা হয় বলে নিউইয়র্ক টাইমস জানায়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই কর্মীদের ইমেইল করে জানানো হয় তারা অবিলম্বে প্রশাসনিক ছুটিতে থাকবেন, তবে বেতন ও অন্যান্য সুবিধা চালু থাকবে।

ফেমার এক কর্মী ভার্জিনিয়া কেইস সিএনএন-কে বলেন, “আমি হতাশ, তবে অবাক হইনি। বরং গর্বিত বোধ করছি, কারণ আমরা সত্য বলেছি। জনগণের জানার অধিকার আছে, নইলে মানুষের জীবন ও সম্প্রদায় বিপদের মুখে পড়বে।” তিনি জানান, অন্তত আরও ছয় সহকর্মী একই নোটিশ পেয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এ বছর জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে একাধিকবার বলেছেন, তিনি ফেমা বিলুপ্ত করতে চান এবং রাজ্যগুলোকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে দেবেন। তিনি অভিযোগ করেন, ফেমা অকার্যকর এবং রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত দেখায়— যদিও এর প্রমাণ নেই।

২০০৫ সালের আগস্টে হারিকেন ক্যাটরিনা লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছিল। নিহত হন এক হাজারেরও বেশি মানুষ, ক্ষতির পরিমাণ ছাড়ায় ১০০ বিলিয়ন ডলার। তখন কেন্দ্রীয় সরকারের ধীর প্রতিক্রিয়া প্রবল সমালোচনার মুখে পড়ে। এরপর কংগ্রেস প্রণয়ন করে পোস্ট-ক্যাটরিনা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট রিফর্ম অ্যাক্ট (PKEMRA)

তবে চিঠিতে অভিযোগ করা হয়, দুই দশক পরও ফেমা আবারও একই ব্যর্থ নেতৃত্ব কাঠামোর দিকে এগোচ্ছে। লেখকরা কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন ফেমাকে স্বাধীন ক্যাবিনেট-লেভেল সংস্থা হিসেবে গড়ে তুলতে এবং রাজনৈতিক কারণে কর্মী বরখাস্ত বন্ধ করতে।

চিঠিতে আরও বলা হয়, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নতুন নিয়ম এনেছেন— যেকোনো ১ লাখ ডলারের বেশি কন্ট্রাক্ট, অনুদান বা মিশন অ্যাসাইনমেন্ট তার ব্যক্তিগত অনুমোদন ছাড়া কার্যকর হবে না। এর ফলে বিলম্ব হচ্ছে। উদাহরণ হিসেবে তারা জানান, ২০২৫ সালের জুলাইয়ে টেক্সাসে বন্যার সময় অনুমোদনে ৭২ ঘণ্টা পর্যন্ত দেরি হয়েছিল।

এছাড়া বাজেট সংকোচনের কারণে এ বছরই ফেমার এক-তৃতীয়াংশ পূর্ণকালীন কর্মী পদত্যাগ করেছেন। এই সিদ্ধান্ত এসেছিল বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বাধীন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’-র মাধ্যমে।

Walton Ads