মধ্যপ্রাচ্যের টানটান পরিস্থিতির মধ্যে বড় ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক নির্বাহী আদেশে সই করেছেন, যেখানে বলা হয়েছে—কাতারের ওপর যদি নতুন করে কোনো হামলা হয়, তবে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে।

আল জাজিরা জানায়, বুধবার (১ অক্টোবর) সই করা এই আদেশে কাতারের ওপর যেকোনো আক্রমণকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে স্পষ্ট ভাষায় বলা হয়েছে—“বিদেশি আগ্রাসন থেকে কাতারের ওপর চলমান হুমকি এবং ইতিহাসের স্বীকৃতির আলোকে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি।”

এতে আরও যোগ করা হয়, কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি ধরা হবে। এমন পরিস্থিতিতে কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ স্বার্থ রক্ষায় কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি প্রয়োজনে সামরিক পদক্ষেপ ও নেওয়া হবে।

আদেশে যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের নেতৃত্বে কাতারের সঙ্গে দ্রুত প্রতিক্রিয়ার জন্য তাৎক্ষণিক যৌথ পরিকল্পনা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল হামাসের নেতৃত্ব, তবে এতে কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। সেই সময় দোহায় কাতারের পৃষ্ঠপোষকতায় গাজার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠক চলছিল।

এই হামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার হোয়াইট হাউস থেকে এক যৌথ ফোন কলে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

 

Walton Ads