গাজায় রক্তক্ষয়ী সংঘাত থামাতে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—ইসরায়েল ও হামাস তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একমত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প এই খবর জানান। বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরা।

ট্রাম্প লিখেছেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি—ইসরায়েল ও হামাস উভয় পক্ষই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে।” তিনি আরও জানান, খুব শিগগিরই সব জিম্মিকে মুক্ত করা হবে, এবং ইসরায়েল সেনারা নির্ধারিত সীমা পর্যন্ত পিছু হটবে।

পরে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “শান্তিচুক্তির প্রথম ধাপ শেষ হলে মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে চলবে, আর গাজা পুনর্নির্মাণে বড় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি যোগ করেন, “এটা হবে এক ভিন্ন পৃথিবী। গাজায় বিপুল পরিমাণ সম্পদ বিনিয়োগ করা হবে। আমরা বিশ্বাস করি, গাজা আরও নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য জায়গায় পরিণত হবে।”

ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, “আমি খুবই আত্মবিশ্বাসী—এই চুক্তিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সূচনা করবে।”

গত মাসে ট্রাম্প গাজা ইস্যুতে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, যা ইসরায়েল ও হামাস উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পায়। এরপর সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে শুরু হয় দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনা।

বুধবার মিসরে আলোচনার তৃতীয় দিন অনুষ্ঠিত হয়, যেখানে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মধ্যস্থতাকারীরা—মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।

 

Walton Ads