যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তিনি এই রোগের চিকিৎসা হিসেবে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

বাইডেনের সহকারী কেলি স্কালি এক বিবৃতিতে জানান, “প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি নিচ্ছেন।”

তার দপ্তর জানায়, বাইডেনের গ্লিসন স্কোর ৯ — যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বোঝায়, ক্যান্সারটি খুব দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তবে আশার বিষয়, এটি ‘হরমোন-সংবেদনশীল’। অর্থাৎ হরমোনভিত্তিক চিকিৎসায় এর ভালো প্রতিক্রিয়া দেখানোর সম্ভাবনা রয়েছে।

আগামী মাসে ৮৩ বছরে পা দেবেন বাইডেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে তিনি মোহস সার্জারি করিয়েছিলেন, যেখানে তার মাথার তালুর ত্বক থেকে ক্যান্সারযুক্ত কোষগুলো অপসারণ করা হয়। মোহস সার্জারি হলো এমন একটি সূক্ষ্ম চিকিৎসা পদ্ধতি, যাতে ক্যান্সারযুক্ত টিস্যু অপসারণের সময় যতটা সম্ভব সুস্থ টিস্যু অক্ষত রাখা হয়।

আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, ৮০ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে প্রায় ৮০ শতাংশের প্রোস্টেট গ্রন্থিতে কিছু না কিছু ক্যান্সারযুক্ত কোষ পাওয়া যায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসা সাধারণত সফল হয়। তবুও, এটি এখনো পুরুষদের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসেবে বিবেচিত।

বিশ্বজুড়ে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ। চিকিৎসকরা আশাবাদী যে, সঠিক থেরাপি ও যত্নের মাধ্যমে বাইডেন আগের মতো সুস্থ জীবনে ফিরে আসবেন।

 

Walton Ads