যুক্তরাজ্য শ্রমিক ঘাটতি মোকাবিলার লক্ষ্যে নতুন অভিবাসন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য মধ্য-দক্ষতার ৮২টি পেশার তালিকা প্রকাশ করা হয়েছে।
ইংলিশ চ্যানেলে অনিয়মিত নৌকায় অভিবাসীদের আগমন নিয়ে দেশজুড়ে উদ্বেগ বেড়েছে। পপুলিস্ট দল রিফর্ম ইউকের তুলনায় লেবার পার্টি পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিশ্লেষকেরা মনে করছেন, ভোটারদের মন জয়ের জন্য স্টারমার অভিবাসন নীতি আরও কঠোর করার চেষ্টা করছেন।
অন্যদিকে, ব্রিটেনে কিছু খাতে কর্মী ঘাটতি এবং মন্থর অর্থনীতি নতুন চাপ তৈরি করছে। তাই অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) ব্রিটেনে অস্থায়ীভাবে বিদেশি কর্মীদের প্রয়োজনীয়তার জন্য ৮২টি পেশার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব পেশায় স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারের পরিকল্পনা দেখানো প্রয়োজন।
প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজার অন্তর্ভুক্ত। এমএসি অনুযায়ী যোগ্য অভিবাসী কর্মীরা তিন থেকে পাঁচ বছরের ভিসা পেতে পারেন। তবে সরকার নীতি পরিবর্তন না করলে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে না।
আবেদনকারীদের ইংরেজিতে ন্যূনতম দক্ষতা থাকতে হবে। নিয়োগকর্তাদের অবশ্যই স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগ পরিকল্পনা জমা দিতে হবে।
২০২৬ সালের জুলাইয়ে পর্যালোচনার দ্বিতীয় ধাপে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে। ক্যানাডা ও অস্ট্রেলিয়ায় একই ধরনের কর্মী ভিসা পরিকল্পনা বিদ্যমান, যেখানে স্বাস্থ্যসেবা, প্রকৌশল এবং দক্ষ বাণিজ্যিক খাতে শ্রমঘাটতি পূরণের জন্য অভিবাসী ভিসা কার্যকর রয়েছে।
দুই দিনের ভারত সফরে স্টারমার ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, পূর্বে এই ইস্যুর কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় বাধা তৈরি হয়েছিল।
