২০২৫ সালের নোবেল অর্থনীতি পুরস্কার উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য জিতেছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ — জোয়েল মকিয়র, ফিলিপ আজিওন ও পিটার হাওয়িট। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল’। এটি চলতি বছরের শেষ নোবেল পুরস্কার, আর এর আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।

নোবেল একাডেমি জানায়, “এই তিন অর্থনীতিবিদ দেখিয়েছেন যে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বাভাবিক নয়; ইতিহাসের বেশিরভাগ সময়ই অর্থনৈতিক স্থবিরতা ছিল। টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি।”

বিজয়ীদের পরিচয় ও অবদান

জোয়েল মকিয়র: যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। পুরস্কারের অর্ধেক ভাগ তিনি পেয়েছেন।

ফিলিপ আজিওন ও পিটার হাওয়িট: অন্য অর্ধেক ভাগ ভাগাভাগি করেছেন। আজিওন প্যারিসের কোলেজ দ্য ফ্রঁস ও ইনসিয়াড এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিকাল সায়েন্সে অধ্যাপনা করছেন। হাওয়িট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন, “জোয়েল মকিয়র ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর নির্ভরশীল টেকসই প্রবৃদ্ধির উপাদানগুলো চিহ্নিত করেছেন।”

তিনি আরও বলেন, “ফিলিপ আজিওন ও পিটার হাওয়িট ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন’-এর একটি গাণিতিক মডেল তৈরি করেছেন, যেখানে নতুন ও উন্নত পণ্য ক্রমাগত পুরনো পণ্যের জায়গা নেয়।”

 

Walton Ads