ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালে এক আইনপ্রণেতা ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লিখিত প্ল্যাকার্ড তুলে ধরলে হঠাৎ হট্টগোলের সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণের সময় ওই আইনপ্রণেতা কাগজটি ধরে প্রতিবাদ শুরু করলে পার্লামেন্টে অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্পিকার আমির ওহানা বারবার শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। নিরাপত্তা সদস্যরা ক্ষিপ্রতার সঙ্গে আইনপ্রণেতা কাসসিফকে পার্লামেন্টের বাইরে নিয়ে যান।
মিনিটখানেক ট্রাম্প চুপচাপ এই দৃশ্য প্রত্যক্ষ করেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে তিনি পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্পিকার ওহানা ট্রাম্পের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। কাসসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “খুব দক্ষতার সঙ্গে সামাল দেওয়া হয়েছে।” তার এই মন্তব্যে পার্লামেন্টে হাসির রোল পড়ে।
পরে সামাজিক মাধ্যমে আইনপ্রণেতা কাসসিফ নিজের অবস্থান পরিষ্কার করেন। আয়মান ওদেহ নামের তিনি বলেন, “শুধু ফিলিস্তিন স্বীকৃতি চাওয়ায় আমাকে বের করে দিয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি যৌক্তিক দাবি।”
তিনি আরও বলেন, “এখানে দুটো জাতি বাস করছে, কেউই চলে যাচ্ছে না। তাই বাস্তবতা মেনে নিতে হবে।”
