মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি ইসরায়েলে যাচ্ছেন, গাজা থেকে জিম্মিদের মুক্তি তদারকি করার জন্য। খবর জানিয়েছে বিবিসি।
রবিবার ওয়াশিংটন ডিসি থেকে ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গাজা যুদ্ধে অবসান হয়েছে। খুব শিগগিরই গাজায় একটি শান্তি বোর্ড গঠিত হবে।”
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি এটি স্বাভাবিক হতে চলেছে।” রবিবার গাজায় তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি পালিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ হামাসের হাতে থাকা সব জিম্মি মুক্তি পাবে।
প্রথম পর্যায়ের শান্তি চুক্তিতে গাজা থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ২৮ জনের মরদেহ ফেরত আসার কথা রয়েছে। বিনিময়ে ইসরায়েল ৭২২ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেবে। এছাড়া মানবিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে।
ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন, জীবিত জিম্মিরা নিরাপদে ইসরায়েলে ফেরার পর বন্দিদের মুক্তি কার্যকর করা হবে।
শনিবার তেল আবিবে শতসহস্র মানুষ সমবেত হয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
মনে করানো যাক, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। প্রতিশোধমূলক ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় নিহত হয়েছে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু।
ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পর তিনি সোমবার ইসরায়েলে পৌঁছে নেসেটে (পার্লামেন্ট) ভাষণ দেবেন। এরপর তিনি যাবেন মিসরের শার্ম আল শেখে, যেখানে গাজা নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন ও মিশরের প্রেসিডেন্টের সভাপতিত্বে এই সম্মেলনে ২০টি দেশের নেতারা অংশ নেবেন।
