যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ফেডারেল সরকারের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির দ্বন্দ্ব দুই সপ্তাহে পৌঁছেছে, তবে কোনো সমাধান এখনও হয়নি। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শাটডাউনের কারণে ডেমোক্র্যাটদের কিছু প্রিয় প্রোগ্রাম বন্ধ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ডেমোক্র্যাটদেরকে দায়ী করে প্রচারণাও চালানো হচ্ছে।
ট্রাম্প প্রশাসন জরুরি সেবা হিসেবে বিবেচিত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উত্স খুঁজতে বাধ্য হয়েছে। প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, ইতিমধ্যেই চার হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কমচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “শাটডাউনের কারণে ডেমোক্র্যাটরা সমস্যায় পড়তে যাচ্ছেন। কয়েকটি প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করার তালিকা আগামী শুক্রবারের মধ্যে প্রকাশ হতে পারে।” তবে তিনি নির্দিষ্ট করে কোনো নাম প্রকাশ করেননি। তিনি বলেন, রিপাবলিকান প্রোগ্রামগুলো নিরাপদ থাকবে।
এদিকে, ট্রাম্প ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও নিউ ইয়র্কের মতো ডেমোক্র্যাট প্রভাবিত রাজ্যে অবকাঠামো ও শক্তি উদ্যোগের জন্য বরাদ্দকৃত ২৮ বিলিয়ন ডলার পুনঃনির্দেশ বা স্থগিত করেছেন।
শাটডাউনের কারণে জরুরি সেবা রক্ষায় ট্রাম্প প্রশাসনকে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে হয়েছে। প্রশাসনকে ফেডারেল সরকারের খরচ যোগানোর বিকল্প উপায় খুঁজতে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের দাবিকে উপেক্ষা করে।
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম জানান, তার বিভাগে কিছু অভিনব সমাধান খুঁজে পাওয়া গেছে। এর ফলে কোস্ট গার্ডের সদস্যদের বেতন অব্যাহত থাকবে। তবে তিনি বিস্তারিত জানাননি।
এছাড়াও, সরকারি কর্মকর্তারা কিছু গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি চালু রাখতে বেতনের বিকল্প উৎস খুঁজতে তৎপর। এর মধ্যে রয়েছে নারী ও শিশুদের জন্য খাদ্য সরবরাহ কর্মসূচি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পেন্টাগনের বরাদ্দ তহবিল থেকে সেনাবাহিনীর সদস্যদের বেতন প্রদানের ব্যবস্থা করা হবে।
