মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে 'নো কিংস'  স্লোগানকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট-বড় শহরগুলোতেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানাচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) মার্কিন দেশজুড়ে যখন এমন বিশাল বিক্ষোভ চলছিল, তখন ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ একটি অদ্ভুত ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো এই ভিডিওটি সরাসরি 'নো কিংস' বিক্ষোভকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

রাজা ট্রাম্পের যুদ্ধবিমান
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের মাথায় রাজার মুকুট। মুকুট পরে তিনি একটি যুদ্ধবিমান চালিয়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের ওপর ময়লা (আবর্জনা) ফেলছেন। তার ফেলা ময়লা বিক্ষোভকারীদের মাথায়, মুখমণ্ডলে লেগে যাচ্ছে এবং জনতার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, শনিবার ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে কমপক্ষে ৭০ লাখ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের ভাষ্য, তারা অহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে।

জনতার অভিযোগ: রাজা নন, রাষ্ট্রপ্রধান হোন
বিক্ষোভকারী জনতার মূল অভিযোগ হলো, দেশ জনগণের, রাজাদের নয়। তারা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে বরং 'রাজা' হিসেবে স্বৈরশাসন চালাচ্ছেন।

শনিবারের এই বিক্ষোভ সম্পর্কে ট্রাম্প প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন। তবে শুক্রবার সম্প্রচারিত ফক্স বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে বলেছিলেন, "তারা আমাকে রাজা বলে উল্লেখ করছে—আমি রাজা নই।"

তবে তার ট্রুথ সোশ্যালের এআই ভিডিওটি প্রমাণ করে, বিক্ষোভকারীদের 'রাজা' স্লোগানকে তিনি উপহাসের ঢঙে জবাব দিয়েছেন।

 

Walton Ads