ইরানে তৈরি অস্ত্র পরিবহনের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। অভিযুক্ত মুহাম্মদ পাহলাওয়ানের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহায়তা ও অস্ত্র সরবরাহের গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
খবরে বলা হয়, গত ৫ জুন একটি ফেডারেল জুরি মুহাম্মদ পাহলাওয়ানকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করে — এর মধ্যে রয়েছে সন্ত্রাসীদের সহায়তা ও সম্পদ সরবরাহের ষড়যন্ত্র, ইরানের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে সহায়তা, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অস্ত্র কর্মসূচিতে সহায়তা, এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে বিস্ফোরক সরবরাহের অভিযোগ।
দীর্ঘ শুনানির পর গত ১৬ অক্টোবর আদালত রায় ঘোষণা করে। আদালতের রেকর্ড ও সাক্ষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ জানুয়ারির রাতে সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে নেভি সিল ও মার্কিন কোস্ট গার্ড সদস্যরা একটি পতাকাবিহীন ছোট নৌকা আটক করে। ওই নৌকায় ১৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে পাহলাওয়ানও ছিলেন।
তল্লাশিতে নৌকাটি থেকে ইরানি তৈরি উন্নত অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের উপকরণ এবং একটি ওয়ারহেড।
তল্লাশির সময় পাহলাওয়ান মার্কিন বাহিনীকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দেন বলে অভিযোগে বলা হয়েছে। এই অভিযানের সময় দুই মার্কিন নেভি সিল — ক্রিস্টোফার চেম্বার্স এবং নাথান গেজ ইনগ্রাম — দুঃখজনকভাবে প্রাণ হারান।
যুক্তরাষ্ট্রের আদালতের মতে, পাহলাওয়ানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছিল এবং এতে বহু জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল। রায় ঘোষণার পর মার্কিন কর্তৃপক্ষ জানায়, এই সাজা অন্যদের জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে যারা সন্ত্রাসীদের অস্ত্র সহায়তা দিতে চায়।
