যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। আর এই ভোটে জরিপে বড় ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন বিরোধীরা। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছেন স্বয়ং ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরি করতে একটি চিঠিতে গণস্বাক্ষর করছেন বিভিন্ন শহরের র্যাবাইরা।
এবারের নির্বাচনকে দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।
জনপ্রিয়তার তুঙ্গে জোহরান মামদানি: কী তার প্রতিশ্রুতি?
আগাম ভোটে জোহরান মামদানি তার অন্য প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু বড় প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন। এছাড়াও, গাজায় ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও তাকে দেখা হয়।
তবে, মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছে না প্রতিপক্ষ। এরইমধ্যে অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো বেশ কয়েকবার তাকে 'ইসলামপন্থী'র তকমা দিয়েছেন। পাশাপাশি, নিউইয়র্কের সাবেক এই গভর্নর তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন বলেও দাবি করেছেন।
জোট বাঁধছেন ইহুদি র্যাবাইরা
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদি ধর্মাবলম্বীরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরায়েলবিরোধী মনোভাব তুলে ধরায় তারা শঙ্কিত।
মামদানি নিউইয়র্কে ইহুদিবিদ্বেষ ছড়াচ্ছেন—এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে গণস্বাক্ষর করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের র্যাবাইরা ইহুদি ধর্মগুরু। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেন, সেই উদ্দেশ্যেই তাদের এই পদক্ষেপ। এমনকি যেসব র্যাবাইরা এই বিতর্কিত চিঠিতে সই করছেন না, তাদেরও তালিকা প্রস্তুত করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
ইতিমধ্যেই এই চিঠিতে ১ হাজারেরও বেশি ইহুদি ধর্মগুরুর স্বাক্ষর জমা পড়েছে, যা মার্কিন ইতিহাসে এমন একটি বিষয়ে বিরল ঘটনা। আগামী ৪ নভেম্বর এই মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন অনুষ্ঠিত হবে।
