যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং প্রতিবেশী দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিরুদ্ধে ভেনেজুয়েলা গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, সিআইএ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো মিলে একটি ‘ফলস-ফ্ল্যাগ’ বা ভুয়া হামলার নাটক সাজিয়ে ক্যারিবীয় অঞ্চলে সামরিক সংঘাত উসকে দেওয়ার পরিকল্পনা করছে। সামাটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই অভিযোগ এমন সময়ে উঠেছে যখন যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভেনেজুয়েলার জলসীমার কাছে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্টের হুঁশিয়ারি

রোববার ২৬ অক্টোবর ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী এমন একদল ভাড়াটে যোদ্ধাকে আটক করেছে, যাদের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থার সরাসরি তথ্য ছিল।”
তিনি আরও অভিযোগ করেন, এই দলটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সীমান্তবর্তী জলসীমা বা ভেনেজুয়েলার ভেতর থেকে একটি ‘ফলস-ফ্ল্যাগ হামলা’ চালানোর পরিকল্পনা করছিল।

‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’ বলতে এমন একটি কার্যক্রম বোঝায়, যা এমনভাবে সাজানো হয় যেন মনে হয় অন্য কোনো পক্ষ এটি করেছে। এটি সাধারণত প্রতিশোধ বা সংঘাতের অজুহাত তৈরির জন্য করা হয়।
রদ্রিগেজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল আমাদের দেশের সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সংঘাত সৃষ্টি করা।”
তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে আটককৃত ব্যক্তিদের পরিচয় বা ঘটনার প্রমাণ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্র-ত্রিনিদাদের মহড়া নিয়ে বিতর্ক

এই অভিযোগ এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ক্যারিবীয় সাগরে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। ওয়াশিংটন এই মহড়াকে আঞ্চলিক সহযোগিতার অংশ বললেও, কারাকাসের দাবি, এটি আসলে উসকানিমূলক কার্যক্রমকে আড়াল করছে।
ভেনেজুয়েলার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, যুক্তরাষ্ট্র গোপন অভিযান এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

 

Walton Ads