কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই থাই সৈন্য আহত হওয়ার পরই বড় এক ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুটিন চার্নভিরাকুল। তিনি কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত নাজুক শান্তি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সি সা কেত প্রদেশে থাই সৈন্যরা নিয়মিত টহল দেওয়ার সময় ল্যান্ডমাইনের ওপর পা রাখেন, যার ফলে বিস্ফোরণ ঘটে। থাই সেনাবাহিনী মনে করছে, এই ল্যান্ডমাইনগুলো নতুন করে পুঁতে রাখা হয়েছে। এটি গত চার মাসের মধ্যে সপ্তম বিস্ফোরণ, যা জুলাই মাসের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সবচেয়ে বড় ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, থাইল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত 'কুয়ালালামপুর শান্তি চুক্তি'র কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনুটিন।
এছাড়াও, থাইল্যান্ড আপাতত ১৮ জন কাম্বোডিয়ান সৈন্যের মুক্তি স্থগিত রাখছে। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে এই বন্দি সৈন্যদের মুক্তি দেওয়া শুরু করার কথা ছিল। কিন্তু সীমান্তে উত্তেজনা আবারও বাড়ায় সেই প্রক্রিয়াও এখন থামিয়ে দেওয়া হলো।
