যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময়  সন্ধ্যা ৬টার সামান্য কিছু আগে স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

স্টকটন শহরের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই হামলার ভয়াবহতা তুলে ধরেছেন।

তিনি বলেন, "একটি শিশুর জন্মদিনের পার্টিতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। আমি ঘটনার সব তথ্য জানার চেষ্টা করছি এবং সঠিক উত্তর পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।"

১৪ জন গুলিবিদ্ধ
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে লুসিল এভিনিউ-এর ১৯০০ ব্লকের কাছ থেকে গুলির খবর আসে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে নিশ্চিত করেছে: "আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারি যে, আনুমানিক ১৪ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং চারজন নিহত হয়েছেন।"

শেরিফের অফিস আরও জানিয়েছে, "এটি একটি অত্যন্ত সক্রিয় এবং চলমান তদন্ত এবং তথ্য সীমিত। প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে, এটি একটি লক্ষ্যবস্তু হামলা হতে পারে। তদন্তকারীরা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন।"

তবে, এখন পর্যন্ত কর্তৃপক্ষ হামলাকারী বা বন্দুকধারীর সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। এই ঘটনা ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

 

Walton Ads