বিস্ফোরক! মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশের সময় শটগান-জ্বালানি ক্যান নিয়ে যুবক নিহত, তদন্তে এফবিআই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোয় প্রবেশের চেষ্টা করে এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন। শনিবার দুপুর প্রায় দেড়টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিটি মার-এ-লাগোর একটি ফটকে প্রবেশের সময় তাকে থামানো হয়। তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান ছিল। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে থামানোর চেষ্টা করলে সে গুলি ছোড়ে। তখন পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন।
ঘটনার পরপরই মার-এ-লাগো বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এফবিআই এই ঘটনা তদন্তে সহায়তা করছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে।
ট্রাম্পের বাসভবনে প্রবেশের এই ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য নতুন করে মাথাব্যথা তৈরি করেছে। প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী, তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
