আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের একটি টাগবোট ডুবে গেছে। এই ঘটনায় টাগবোটে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া টাগবোটটির নাম মুসাফা। নিখোঁজ ৩ জন নাবিক সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। রোববার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনা ঘটেছে ৬ মার্চ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, টাগবোটটিতে ‘বিস্ফোরক’ কোনো কিছুর হামলা হয়েছিল।

এদিকে পৃথক এক বিবৃতিতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, টাগবোটটিতে দুইটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তবে এ ঘটনার বিষয়ে এখনও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টাগবোট হলো ছোট কিন্তু শক্তিশালী এক প্রকার সামুদ্রিক জাহাজ। এগুলো অন্যান্য বড় জাহাজ, অচল জলযান বা ভাসমান স্থাপনাকে ধাক্কা দিয়ে বা টেনে গন্তব্যে নিয়ে যায়।

উল্লেখযোগ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরান কড়া বিধিনিষেধ জারি করেছিল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করলে সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।

 

news